Published : 28 Aug 2026, 12:05 PM
ঢাকার উত্তরায় কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল থেকে একজনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।
বিমানবন্দর সড়কের উত্তরা জসিম উদ্দিন থেকে র্যাব-১ কার্যালয় পর্যন্ত শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মিছিল হয়।
এরপর পুলিশ ও ‘স্থানীয়রা’ তাদেরকে ধাওয়া দিলে সবাই ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় বলে উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ আলম জানিয়েছেন।
তিনি বলেন, "ঝটিকা মিছিল থেকে পুলিশ ধাওয়া দিয়ে ব্যানারসহ একজনকে আটক করেছে। আমরা তার নাম পরিচয় যাচাইবাছাই করছি।"
চব্বিশের গণআন্দোলনে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর তিন দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের বাকি জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।
আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়াম লীগ নেতাদের বিচার চলছে, আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আনা হয়েছে।
তবে মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। এসব মিছিল থেকে ধরপাকড়ও করার কথা জানায় পুলিশ।