‘যথাযথ নথি থাকলে’ সৌদিতে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ
"প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রমাণ সাপেক্ষে সৌদিতে থাকা ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে।”
সৌদি আরবে অবস্থানরত মিয়ানমারের যেসব নাগরিকদের বাংলাদেশি নথিপত্র রয়েছে বা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে তাদের হাতে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে সোমবার ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এই নির্দেশনা দেন তিনি।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাতে বলা হয়েছে, সৌদি আরব থেকে মিয়ানমারের নাগরিকদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে ফের যাচাই-বাছাই করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, "যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করতে হবে।"
বৈঠকে সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত এই প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার তাগিদ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রমাণ সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে।”
এসব পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলেও সতর্ক করেন সালাহউদ্দিন আহমদ।।
শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এছাড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার জন্য সালাহউদ্দিনকেও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রদূত।
বৈঠকে তারা দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশটির সঙ্গে বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। জনশক্তি রপ্তানি ছাড়াও বাংলাদেশের জ্বালানি ও পর্যটন খাতে সৌদি আরবের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।"
তিনি এসব খাতে বিনিয়োগসহ দুদেশের সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
এই আমন্ত্রণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে আগামী জুলাই মাসের প্রথমে সৌদি সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
