Published : 09 May 2025, 06:35 PM
প্রায় এক যুগ আগে ‘গুম’ হওয়া বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা নিয়ে বাসায় যাওয়ার ঘটনায় এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঢাকার শাহিনবাগ এলাকায় সুমনের বাসায় যায় তেজগাঁও থানা পুলিশের একটি দল, যা নিয়ে সমালোচনার মুখে প্রথমে ‘দুঃখ প্রকাশ’ করে ডিএমপি সদর দপ্তর।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ডিএমপি দাবি করেছে, নতুন যোগদান করা পুলিশ সদস্যদের ‘না জানার’ কারণে এমন ‘অনাকাঙ্খিত’ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট এসআইকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করার কথা জানিয়ে ডিএমপি বলেছে, “পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।”
প্রত্যাহার করা এই এসআই হলেন- মো. আকরাম হোসেন।
ডিএমপি বলেছে, বৃহস্পতিবার তেজগাঁও থানার একটি দল এসআই মো. আকরাম হোসেনের নেতৃত্বে ‘মুলতবি ওয়ারেন্ট’ তামিলের জন্য শাহিনবাগ এলাকায় যান। এক পর্যায়ে তারা ‘নিখোঁজ’ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দলের সদস্যরা সকলেই ঢাকা মহানগর পুলিশ-ডিএমপিতে ‘নতুন’ যোগদান করেছেন। সে কারণে তাদের কেউ জানতেন না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা।
“সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় উক্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।”
২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে ‘র্যাব-১’ লেখা তিনটি গাড়িতে করে সুমনকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করে আসছে তার পরিবার।
২০২৩ সালের নভেম্বরে মহানগর হাকিম আদালত সুমনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সুমনের বোন সানজিদা ইসলাম ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠনের অন্যতম সমন্বয়কারী, যে সংগঠনটি বিগত আওয়ামী লীগের আমলে ‘গুমের’ শিকার হওয়া পরিবারগুলোকে নিয়ে গড়ে তোলা হয়।
বিভিন্ন সময় সংগঠনটির পক্ষ থেকে ‘গুমের’ শিকার ব্যক্তিদের ‘ফেরত পাওয়ার’ দাবি জানিয়ে নানা কর্মসূচী পালন করে আসতে দেখা গেছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘটিত ‘গুমের’ ঘটনা তদন্তে এ সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের কাজ করার মধ্যেই ‘গুম’ হওয়া ব্যক্তির নামে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তার বাসায় গিয়ে আলোচনার জন্ম দিল পুলিশ।