১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদত্যাগে বাধ্য করানো এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

অসহযোগিতা বা বাধা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে।

পদত্যাগে বাধ্য করানো এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 11:35 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

পদত্যাগে বাধ্য করানো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অপর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে উচ্চশিক্ষা অধিদপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষক-কর্মচারীদের তদন্ত চলমান থাকলেও তাদের অনেকের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে আবেদনপত্রে তুলে ধরেছেন।

তদন্ত করে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখা প্রয়োজন বলেও চিঠিতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

ওই চিঠিতে জোরপূবক পদত্যাগ করানো শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে বেতন-ভাতা চালু রাখার জন্য বলা হয়েছে। পাশাপাশি কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ অসহযোগিতা বা বাধা দিলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হয়। এতে করে অনেক শিক্ষকের বেতন বন্ধ হয়ে যায়৷

তাদের বেতন-ভাতা চালু রাখার বিষয়ে এর আগে জানুয়ারিতে দুই দফা আদেশ জারি করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 

এছাড়া এক অফিস আদেশে জোরপূর্বক পদত্যাগের অভিযোগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অপর শিক্ষক-কর্মচারীদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দ্রুত পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।