Published : 18 Feb 2026, 03:40 PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দায়িত্বকাল সমাপ্তির পরিপ্রেক্ষিতে তার অফিসিয়াল ফেইসবুক পেইজের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে বাংলাদেশের এক ‘ঐতিহাসিক’ সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে।
বুধবার সাবেক প্রধান উপদেষ্টার প্রেস অফিস জানিয়েছে, ৪৪ লাখ ফলোয়ারের ফেইসবুক পেইজটি আর সক্রিয় থাকবে না।
বিবৃতিতে বলা হয়, “ধন্যবাদ! অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাস সময়কালজুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।”
এরপর প্রধান উপদেষ্টার ফেইসবুকের এক পোস্টে বলা হয়, “ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ্যাকসেসিবল থাকবে।
“শুধুমাত্র এই পেইজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে, যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে।”
মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার শপথ গ্রহণ করে। সেদিনই প্রধান উপদেষ্টার দায়িত্বকাল শেষ হয়।
সে কারণে প্রধান উপদেষ্টার প্রেস অফিস পরিচালিত হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়েছে।
প্রেস অফিসের বার্তায় বলা হয়েছে, গত ১৮ মাসে দেশ-বিদেশের সাড়ে আট শতাধিক সাংবাদিক ওই প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি-ঘোষণা, নির্বাচন ও সংস্কার-সংক্রান্ত তথ্য দ্রুত পৌঁছে দিতে এটি কার্যকর যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের হাল ধরে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
প্রায় দেড় বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ হয়।
দায়িত্বকাল শেষের পরই প্রধান উপদেষ্টার সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম সমন্বয়ের প্ল্যাটফর্মগুলো পর্যায়ক্রমে বন্ধের ঘোষণা দেওয়া হল।