১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবৈধ দখলে বনের ২ লাখ ৫৭ হাজার একর ভূমি: বনমন্ত্রী

মন্ত্রী বলেন, বনভূমি অবৈধ দখল থেকে উদ্ধার করে বন বিভাগের আওতায় এনে বনায়ন করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 09:40 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

বন বিভাগের ২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি অবৈধ দখলে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 

গত মে মাস পর্যন্ত ৩০ হাজার ১৬২ একর বনভূমির দখল উচ্ছেদ করা হয়েছে বলে মন্ত্রী জানান।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নে মন্ত্রী এ তথ্য দেন। 

মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

১০০ কর্মদিবস অগ্রাধিকার কর্মপরিকল্পনার মাধ্যমে ৫,০০০ একর জবরদখলকৃত বনভূমি পুনরুদ্ধারের জন্য উচ্ছেদ প্রস্তাব প্রেরণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বনভূমি অবৈধ দখল থেকে উদ্ধার করে বন বিভাগের আওতায় এনে বনায়ন করা হচ্ছে। 

অবশিষ্ট দখলকৃত বনভূমি উদ্ধারে কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান সাবের হোসেন।

স্বতন্ত্র সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনের প্রশ্নে তিনি বলেন, সারাদেশে মোট ৬ হাজার ৮৭৬টি ইটভাটা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২৪ জুন পর্যন্ত সারাদেশে মোট ১৭০টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬১১টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫ কোটি ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ২৫০টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে।

সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, ২০০৮-০৯ অর্থবছরে দেশে এক লাখ ৯৬ হাজার ৭১ মেট্রিক টন ডাল উৎপাদন হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে তা ৫ গুণ বেড়ে ১০ লাখ ৮ হাজার ৪৭ মেট্রিন টনে উত্তীর্ণ হয়েছে।