১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মঞ্চ ৭১’ অনুষ্ঠান: ঢাবি শিক্ষক কার্জনের জামিন আবেদন ফের নাকচ

তার আগে ৩১ অগাস্ট তার জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠানে ‘মব’ হামলার শিকার হওয়ার পরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের জামিন আবেদন আবার নামঞ্জুর হয়েছে।

এ মামলায় মো. আব্দুল্লাহীল কাইয়ুমের জামিন আবেদনও নাকচ করে দিয়েছে আদালত।

বুধবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে তারা জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত আবেদন নাকচ করে দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য দিয়েছেন।

অধ্যাপক কার্জন ও আব্দুল্লাহীল কাইউমের পক্ষে শুনানি করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও খন্দকার নুর কুতুবুল আলম।

তার আগে ৩১ অগাস্ট অধ্যাপক কার্জনের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব।

গত ২৮ অগাস্ট বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না, অধ্যাপক কার্জন ও আব্দুল্লাহীল কাইউমসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

অপর আসামিরা হলেন- গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, আব্দুল্লাহীল কাইউম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল,মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দূল্লাহ আল আমিন ।

সোমবার সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানকে এবং মঙ্গলবার সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণীতে বলা হয়েছে, “মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত ৫ অগাস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ অগাস্ট সকাল ১০টায় একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়।

“সেগুনবাগিচায় বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যেই এক দল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন। একপর্যায়ে তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজনকে লাঞ্ছিত করেন। হট্টগোলকারীরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন।

“একপর্যায়ে অতিথিদের অনেককেই বের করে দেওয়া হলেও আব্দুল লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন এসআই আমিরুল ইসলাম। পরবর্তীতে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।”

আগের খবর:

জামিন পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন 

লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

মঞ্চ ৭১ অনুষ্ঠানে 'মব হামলা': লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জনসহ ১৪ জন গ্রেপ্তার

রাষ্ট্রপক্ষের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে ক্ষতিপূরণ চাইলেন ঢাবি শিক্ষক কার্জন