০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হত্যাচেষ্টা মামলা: হাই কোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল

গত ২১ জুলাই পল্লবী থানায় গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে এ মামলা করেন তার গাড়িচালক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 06:37 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন। গাজী নজরুল ইসলামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

 ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ২১ জুলাই গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা করেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।

এজাহারে ওবায়দুর রহমান অভিযোগ করেন, সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং ভিডিও ফাঁসের ঘটনায় তার হাত রয়েছে বলে সন্দেহ করে তাকে মারধর করা হয়েছে। মামলায় গাজী নজরুলের সহযোগী আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসানকে আসামি করা হয়েছে।

এক নারীর সঙ্গে হোটেল কক্ষে ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ভিডিও ভাইরাল হওয়ার পর গত জুন মাসে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে জামায়াত।