১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মৎস্য ও প্রাণিসম্পদের ৪ খাতে বিদ্যুৎ বিলে ২০% ছাড়

উৎপাদন ব্যয় কমাতে এসব খাতে ১০০ কোটি টাকা ভর্তুকি দেবে অর্থ বিভাগ।

মৎস্য ও প্রাণিসম্পদের ৪ খাতে বিদ্যুৎ বিলে ২০% ছাড়
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 06:47 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

পশু ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্পসহ চারটি খাতে উৎপাদন ব্যয় কমাতে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় (রিবেট) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য রপ্তানিতে উৎসাহ দেওয়া ও কৃষিভিত্তিক শিল্পকে আরও উৎসাহ দিতে বিদ্যুৎ ‘রিবেট’ সংক্রান্ত নীতিমালার আওতায় বর্তমানে ১৬টি খাতে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

এরই অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট চারটি খাতে অর্থ বিভাগ ১০০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। 

এই ভর্তুকির আওতায় থাকছে—পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, মাছের খাদ্য উৎপাদনকারী, পোল্ট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প। 

দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পে মধ্যে দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টান্ন, পনির, ঘি, মাখন, চকোলেট, দই ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের এই উদ্যোগের ফলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এছাড়া শিল্পখাতে বিনিয়োগ বাড়ার পাশাপাশি নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে দেশ আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বলে সরকার আশা করছে।