Published : 01 Apr 2026, 01:58 PM
রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
বুধবার সকাল ১০টার পর থেকে রাজধানীতে শুরু হওয়া এ অভিযানে কিছু জায়গায় বাধা আসলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোথাও কোনো সমস্যা হচ্ছে না, অভিযানের ব্যাপারে সবাই সহযোগিতা করছেন। আমরা রাজধানীবাসীর সকলের সহযোগিতা নিয়ে এ ধরনের অভিযোগ চলমান রাখবো। ফুটপাত মুক্ত রাখবো।"

রাজধানীর মগবাজার মোড় থেকে বাংলামটর পর্যন্ত চালানো অভিযানের সময় রাস্তা অথবা ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা প্রাইভেটকার ও মোটরসাইকেলের বিরুদ্ধে প্রায় ২৫টি মামলা দেওয়া হয়।
ট্রাফিক রমনা বিভাগের সার্জেন্ট রাসেল আহমেদ বলেন, “গাড়িগুলোর নম্বর ভিডিও করে মামলা দেওয়া হচ্ছে।”
এ অভিযানে মগবাজারের দিলুরোডে ফুটপাতে মালামাল ও চুলা রেখে ব্যবসা করার অভিযোগে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ।
রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের নিচে অভিযানের খবর পেয়ে ফুটপাত থেকে মালপত্র সরিয়ে নিতে দেখা যায় ব্যবসায়ীদের। এসময় সেখানে থাকা একজন ম্যাজিস্ট্রেট সবাইকে সতর্ক করে দেন।
একইভাবে মিরপুরের শেওড়াপাড়ায়ও ফুটপাত থেতে মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসাইন বলেন, "গণবিজ্ঞপ্তির পর ফুটপাতে কিছুটা মুক্ত হয়েছে। বাকিটুকু মুক্ত করতে আমাদের অভিযান চলমান থাকবে।"
তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অভিযান চালাচ্ছি এখন পর্যন্ত কোন বাধার মুখোমুখি হইনি। যারা আগে খবর পেয়েছে তারা সরে গেছে। যারা ফুটপাত দখল করেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ঘটনায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট জরিমানা করছেন।"

এ অভিযান চলবে ৫ এপ্রিল পর্যন্ত। পুলিশের ট্রাফিক বিভাগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ট্রাফিক আটটি বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে এ অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে।
এর আগেও বিভিন্ন সময়ে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সরকার। তবে সেসব অভিযান বেশিদূর এগোয়নি। ফলে কয়েক দিন পর সেই পুরনো চেহারাই ফিরেছে ফুটপাতে।