এসএসসির ফল মনঃপূত হয়নি? খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা যাবে যেভাবে
“যেসব শিক্ষার্থী পুনর্মূল্যায়ন করতে চায়, তাদের খাতা পুনরায় রিভিউ করা হবে।”
চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় আশানরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের সুযোগ পাবেন।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে মঙ্গলবার থেকে; চলবে আগামী ১৭ অগাস্ট পর্যন্ত এই সুযোগ থাকছে।
প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য তাদের ১৫০ টাকা করে ফি গুণতে হবে আবেদনকারীকে।
যে পরীক্ষার্থীরা চলতি বছর এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন তাদের খাতা শুধু পুনর্নিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়নও করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফল নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
এবার এসএসসি ও সমমানে মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বা ফেইল করেছেন। গতবছর বা ২০২৫ সালে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৬৬০ জন।
সে হিসাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় ৮৯ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী বেশি অকৃতকার্য হয়েছেন বা ফেইল করেছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “এবার যেটা পরিবর্তন এসেছে, আমরা আইন (পাবলিক পরীক্ষা আইন) সংশোধন করেছি যে, যেসব শিক্ষার্থী পুনর্মূল্যায়ন করতে চায়, তাদের খাতা পুনরায় রিভিউ করা হবে।
“তারা নম্বর ঠিকমত পেয়েছে কি না, খাতা পাল্টে গেল কি না এসব দেখা হবে। আগে শুধু ট্যাবুলেশন শিট দেখা হত (প্রাপ্ত নম্বরের যোগফল পুনরায় যাচাই করে দেখা হতো)। এবার রিভিউ কমিটি বসে পুরো খাতা রিভিউ করব।”
আগে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হলেও গতবছর এইচএসসি ও সমমান পরীক্ষা থেকে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এ আবেদন গ্রহণ শুরু করে শিক্ষা বোর্ডগুলো।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনও এ ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া হবে।
পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে
এক বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানিয়েছে, ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পরীক্ষার্থীদের https://rescrutiny.eduboardresults.gov.bd
ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের একটি মোবাইল নম্বর দিতে হবে।
পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে।
এরপরের স্ক্রিনে পরীক্ষার্থীর বিষয় ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে পরীক্ষার্থীদের। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে। বিকাশ, নগদ, সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে 'জমা দিন" বাটনে ক্লিক করতে হবে।
ঢাকা বোর্ড জানিয়েছে, ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোন অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।
হাতে হাতে বা ম্যানুয়ালি শিক্ষা বোর্ডগুলো খাতা পুনর্নিরীক্ষণের কোন আবেদন নেবে না বলেও ওই বিজ্ঞাপ্তিতে তুলে ধরা হয়েছে।
