১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তিতাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, গুলশান-বনানী-বারিধারায় গ্যাস বন্ধ

জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ভালভ বন্ধ করে ‘লিকেজ মেরামতের কাজ চলছে’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 04:33 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

রাজধানীর গুলশান বাড্ডা লিংক রোডে ওয়াসার কাজের সময় তিতাস গ্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় রোববার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ভালভ বন্ধ করে ‘লিকেজ মেরামতের কাজ চলছে’। এতে ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।।

রাজধানীতে বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়ি বা জরুরি রক্ষণাবেক্ষণের কারণে গ্যাস সরবরাহে বিঘ্নের ঘটনা নতুন নয়। ২০২০ সালের সেপ্টেম্বরে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গুলশান এলাকায় কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। 

একই বছরের নভেম্বরে ইন্দিরা রোডে তিতাসের পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস বের হয়ে বিস্ফোরণে ম্যানহোলের ঢাকনা উড়ে যাওয়ার ঘটনাও ঘটে। 

গুলশান, বনানী ও বারিধারা এলাকার বড় অংশে আবাসিক গ্রাহকের পাশাপাশি বাণিজ্যিক স্থাপনা, অফিস ও কূটনৈতিক এলাকার স্থাপনাও রয়েছে। ফলে এই সরবরাহ বিঘ্নে রান্না ও দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা। 

কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে সে ব্যাপারে কোনো তথ্য তিতাস দেয়নি।