১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিমানের কাঠমান্ডুগামী বুধবারের ফ্লাইট স্থগিত

ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়ামাত্র যাত্রীদের অবহিত করার কথা বলছে বিমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 10:31 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

নেপালে চলমান সংঘাত-সহিংসতার পরিস্থিতি ও ফ্লাইট পরিচালনার ওপর দেশটির সরকারের নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুধবারের কাঠমান্ডুগামী ফ্লাইটটি এদিন দুপুর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইট স্থগিতের কথা বলা হয়েছে। ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়ামাত্র যাত্রীদের অবহিত করার কথাও লেখা হয়েছে সেখানে।

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু নেপালে বিমানবন্দর বন্ধ, আবার দূতাবাসের তরফেও বাংলাদেশ ও নেপাল দুই দেশ থেকেই যাতায়াত না করার নির্দেশনা দেওয়া হয়েছে, তাই আমরা দুপুর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলন, “প্রথমে আমাদের পরিকল্পনা ছিল মঙ্গলবার ডাইভার্ট হওয়া ফ্লাইটটি বুধবার সকালে পরিচালনা করার। তবে এখন সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। যদি দুপুরের পর বিমানবন্দর বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার হয়, তাহলে পরবর্তীকালে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগের অনুরোধও করেছে বিমান।

দুদিন ধরে জেন-জিদের সহিংস বিক্ষোভে নেপালের প্রধানমন্ত্রীসহ কয়েক মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। সহিংস বিক্ষোভ ছড়িয়েছে গোটা নেপালে।

সংঘাতের মধ্যে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অনুকূল পরিস্থিতি না থাকায় বিমানের একটি ফ্লাইট মঙ্গলবার কাঠমান্ডু গিয়েও সেখানে নামার অনুমতি পায়নি। পরে সেটি ঢাকায় ফিরে আসে।

ত্রিভুবন বিমানবন্দরে সবরকম উড়োজাহাজ উঠানামা বন্ধ করে দেওয়ার কারণে ঢাকা থেকে কাঠমান্ডুগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার ফ্লাইটও বাতিল হয়েছে।