Published : 07 Sep 2026, 11:38 PM
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থার ‘সংকট’ মোকাবেলায় বিচার বিভাগকে নীরব না থেকে জনস্বার্থের বিভিন্ন ঘটনায় ‘সুয়োমোটো’ বা স্বতঃপ্রণোদিত রুল জারির অনুরোধ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী।
রংপুরে এক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থার সংকটের অভিযোগ তুলে সোমবার সুপ্রিম কোর্ট বার ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির আয়োজনে এ সমাবেশ হয়।
সংগঠনটির সভাপতি সুব্রত চৌধুরী বলেন, “অতীতে জনস্বার্থের বিভিন্ন ঘটনায় হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করলেও বর্তমানে বিচারপতিদের সেই ধরনের সক্রিয়তা দেখা যাচ্ছে না। জনগণ যাতে ন্যায়বিচার পায় এবং দেশে বিশৃঙ্খলা তৈরি না হয়, সে জন্য আদালতকে উদ্যোগী হতে হবে এবং সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে।”
সম্প্রতি রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন এই আইনজীবী। তিনি বলেন, “এসব বক্তব্যে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে।”
কালক্ষেপণ না করে প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং বিচারক নিয়োগসংক্রান্ত আইন পুনর্বিবেচনার দাবি তোলেন সুব্রত চৌধুরী।
একইসঙ্গে গুম ও মানবাধিকার কমিশন সংক্রান্ত আইনের বিভিন্ন ফাঁকফোকর দূর করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সহসভাপতি জগলুল হায়দার আফ্রিক, সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী, সহসভাপতি আনোয়ারুল হক ও লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম রিয়াজ, সহসাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সজল, গবেষণা-প্রশিক্ষণ ও মানবাধিকার সম্পাদক মুরাদ-আল-হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক রামচন্দ্র দাস, কেন্দ্রীয় নারী সম্পাদক রেবেকা সিংহ, প্রচার সম্পাদক সানজিদ রহমান শুভ, সিনিয়র নেতা হাফিজুর রহমান খান, এপ্রেন্টিস সম্পাদক ওয়াহিদুজ্জামান সজল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমা খানম নাজু ও ওয়ালিউর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।