১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শামীম ওসমানের আয়কর নথি জব্দের আদেশ

তার বিরুদ্ধে ৬ কোটি ৬৭ লাখ টাকার ’জ্ঞাত আয়ের বাইরে’ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 09:14 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

দুর্নীতির মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানান।

দুদকের পক্ষে এদিন নথি জব্দের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কমিশনের সহকারী পরিচালক পিয়াস পাল।

আবেদনে বলা হয়, শামীম ওসমানের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তার আয়কর নথিগুলো জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

দুদকের অভিযোগ অনুযায়ী, সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার ‘অপব্যবহার’ করে শামীম ওসমান ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার ’জ্ঞাত আয়ের বাইরে’ সম্পদ অর্জন করেন। এছাড়া তার নয়টি ব্যাংক হিসাবে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা মানি লন্ডারিংয়ের আওতায় পড়ে।

এ অভিযোগে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করে দুদক।