১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হিরো আলমকে ‘হত্যার চেষ্টা’: জামিন পেলেন ম্যাক্স অভি

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন।

হিরো আলমকে ‘হত্যার চেষ্টা’: জামিন পেলেন ম্যাক্স অভি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 05:00 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভিকে জামিন দিয়েছে আদালত। 

পাঁচ হাজার টাকা মুচলেকায় বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন জানিয়েছেন, শুনানিতে মেহেদী হাসান মজুমদার অভির জামিন চেয়ে শুনানি করেন। 

হিরো আলমের পক্ষে জামিনের বিরোধিতা করেন তার আইনজীবী শান্তা সাকসিনা। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেয়। 

হত্যাচেষ্টার অভিযোগে গত ৫ অক্টোবর বাড্ডা থানায় এ মামলা করেন হিরো আলম। এ মামলায় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে ঢাকার খিলক্ষেতের ডুমনী বাজার থেকে ম্যাক্স অভিকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, “গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড্ডার আফতাবনগরে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ছয়জন তিনটি বাইকে এসে তার পথ আটকান। তারা হিরো আলমকে পাশের কাশবনে নিয়ে মারধর করেন। এতে গুরুতর আহত হন হিরো আলম। 

“এরপর অভি হিরো আলমের মোবাইল ফোনটিও ভেঙে ফেলেন। যাওয়ার পর তারা হিরো আলমকে ভয় ভীতিও দেখান। পরে লোকজনের সহযোগিতায় হিরো আলম হাসপাতালে যান।”