Published : 20 Jul 2026, 10:41 PM
সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিমা মোহাম্মদী খানের ওপর হামলার কথা তুলে ধরে ওই ঘটনায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সোমবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, “একজন তরুণ মানবাধিকারকর্মীর ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং মানবাধিকার রক্ষায় কাজ করা ব্যক্তি ও অধিকারকর্মীদের জন্যও উদ্বেগজনক বার্তা বহন করে।
“এ ধরনের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।”
নাদিমা মোহাম্মদী খান আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেড আই খান পান্নার মেয়ে। শনিবার সন্ধ্যায় বরিশাল পৌরসভার সাবেক চেয়ারম্যান খান বাহাদুর হাশেম আলী খানের বাসভবনে তার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। হাশেম আলী খান জেড আই খান পান্নার দাদা।
ওই ঘটনায় বরিশালের কোতয়ালি থানায় চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন নাদিমা মোহাম্মদী খান। পরে পুলিশ তানজিয়া চাঁদনী (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ধরে হামলার অভিযোগ উঠেছে।
আসক বলছে, “নিজ বাসভবনে সংঘবদ্ধভাবে নাদিমা খানের ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি আহত হয়েছেন। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।”
ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার, তদন্ত ও নাদিমা খানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে আসক।