১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কবর খুঁড়ে কঙ্কাল চুরি বন্ধে ব্যর্থতা বেআইনি নয় কেন: হাই কোর্ট

কবরস্থানগুলো যথাযথ তদারকি করতে এবং মরদেহ ও কঙ্কাল চুরির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চেয়েছে আদালত।

কবর খুঁড়ে কঙ্কাল চুরি বন্ধে ব্যর্থতা বেআইনি নয় কেন: হাই কোর্ট
ফাইল ছবি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

কবর খুঁড়ে মরদেহ ও কঙ্কাল চুরি বন্ধে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল দেয়। 

সেই সঙ্গে কবরস্থানগুলো যথাযথ তদারকি করতে এবং মরদেহ ও কঙ্কাল চুরির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। 

গত ১৪ মার্চ মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস) পক্ষে সংগঠনের চেয়ারম্যান গোলাম রহমান ভূঁইয়া এই রিট আবেদন করেন। কবর খুঁড়ে মরদেহ ও কঙ্কাল চুরি রোধে মরদেহ সুরক্ষায় আইন তৈরির নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়।

আইনজীবী গোলাম রহমান ভূঁইয়া আদালতে নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গোলাম রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বরাষ্ট্রসচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।