১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫৪ বছরের দাম্পত্যসঙ্গীকে স্মরণ করলেন স্পিকার

দিলারা হাফিজ একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন, বলেন হাফিজ উদ্দিন আহমদ।

৫৪ বছরের দাম্পত্যসঙ্গীকে স্মরণ করলেন স্পিকার
গুলশানের সোসাইটি জামে মসজিদে শুক্রবার দিলারা হাফিজের জন্য দোয়া মাহফিল হয়। ছবি: জাতীয় সংসদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 10:47 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

প্রয়াত স্ত্রীর দোয়া মাহফিলে এসে ৫৪ বছরের দাম্পত্যজীবনের কথা স্মরণ করলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্ত্রী দিলারা হাফিজের বিষয়ে স্পিকার বলেন, তিনি “একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন, যিনি নিয়মিত নামাজ ও রোজা করতেন।“

স্পিকার তার প্রয়াত স্ত্রী ও মা-বাবার জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান; সেই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার গুলশান সোসাইটি জামে মসজিদে দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হয় বলে জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার উপস্থিত ছিলেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ছিলেন দিলারা হাফিজ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি। 

গত ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ।

১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্ম নেওয়া দিলারা হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি সরকারি ইডেন কলেজে প্রভাষক হিসেবে চাকরি শুরু করেন। পরে সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।