১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফার্মগেইট স্টেশনে বিকল মেট্রোরেল, কিছুক্ষণ পর ফের চালু

এ সময় কোচের বিদ্যুৎ সংযোগ চলে যায়। বন্ধ হয়ে যায় কোচের বাতি এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 12:53 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

রাজধানীর উত্তরা দক্ষিণ স্টেশন থেকে ছেড়ে আসা মতিঝিলগামী মেট্রোরেলের একটি কোচ ফার্মগেট স্টেশনে আটকে গিয়েছিল। পরে যাত্রীদের কয়েকজন নেমেও পড়েন। খানিক বাদে অবশ্য ফের ট্রেনটি চলতে শুরু করে। 

সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ এ ঘটনা ঘটে। এ সময় কোচের বিদ্যুৎ সংযোগ চলে যায়। বন্ধ হয়ে যায় কোচের বাতি এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ প্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেলের একটি কোচ ফার্মগেইট স্টেশনে আটকে পড়ে। তবে, কয়েক মিনিট পরেই ট্রেন চলতে শুরু করে। কি ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, এটা কারিগরি লোকজন বলতে পারবে।” 

ফাহিম ফরায়েজি নামের এক যাত্রী সেসময় ট্রেনে ছিলেন। মেট্রোরেল পেসেঞ্জার কমিউনিটি নামে একটি ফেইসবুক গ্রুপে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লিখেছেন, কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম, উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন বিজয় সরণি স্টেশন পার হওয়ার পর চলন্ত অবস্থায় কয়েক মিলিসেকেন্ডের জন্য ব্রেক করে আবার চলতে শুরু করে। এতে ট্রেনে হঠাৎ ঝাঁকুনি হয়। আর যাত্রীদের একে অন্যের সঙ্গে ধাক্কা লাগে। এসি বন্ধ হয়ে যায় এবং ট্রেনের লাইট অফ হয়ে যায়।  

“অনেক যাত্রীরা এমন সমস্যা দেখেছেন বলে ওই পোস্টে কমেন্ট করেন। কিন্তু বেশিরভাগ লোক পোস্ট না বুঝেই সবজান্তার মত বুলি আওড়াতে থাকেন। পাবলিকের অতি জ্ঞানী কথাবার্তায় বিরক্ত হয়ে পোস্ট ডিলিট করতে বাধ্য হই।” 

ফাহিম ফরায়েজি লিখেছেন, “অতঃপর আজকের কাহিনী ভিডিওতে দেওয়া আছে। আজকে কোনো মন্তব্য নেই আমার, যাত্রীরা কি বলছে, সাউন্ড বাড়িয়ে শুনুন।” 

ওই ভিডিওতে দেখা যায়, ফার্মগেইট স্টেশনে বাতি এবং শীতাতপবিহীন অবস্থায় যাত্রীরা ট্রেনের ভেতরে অবস্থান করছেন।