১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদে বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে কর্মকর্তাদের নির্দেশ

স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের বিদ্যুৎ পরিস্থিতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 01:57 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীন দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, ঈদের ছুটির সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

পরিদর্শন শেষে তাদের এ সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।

নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরবরাহ বন্ধ থাকলে গ্রাহক অসন্তোষ কমাতে আগাম তথ্য জানাতেও নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এ জন্য স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের অবহিত করতে বলা হয়েছে।

স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের বিদ্যুৎ পরিস্থিতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ উদ্দেশ্যে স্থানীয় মসজিদের নাম এবং সংশ্লিষ্ট ইমাম ও মুয়াজ্জিনদের নাম ও মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে পাঠানোর পাশাপাশি বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতেও বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টায় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে হবে।

সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় ঈদকালীন দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে বলেও জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।