১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে আরো বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শেখ রবিউল আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 07:36 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল নির্মাণ, লজিস্টিকস এবং সংশ্লিষ্ট খাতে কাতারকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার রাতে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি। এ সময় মন্ত্রী এ আহ্বান জানান বলে মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সাক্ষাৎকালে শেখ রবিউল আলম বলেন, “বর্তমান সরকার দেশের বন্দর অবকাঠামোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে।”

এ প্রেক্ষাপটে বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল নির্মাণ, লজিস্টিকস এবং সংশ্লিষ্ট খাতে কাতারকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

মন্ত্রী কাতারকে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ আখ্যায়িত করে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষীয় সম্পর্ক আগামী দিনে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে আরো বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের বন্দর ও নৌপরিবহন খাতের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং এ খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আগ্রহ দেখান।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বন্দর, নৌপরিবহন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া উপস্থিত ছিলেন।