১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাড়ি ভাড়া কত বাড়বে? অংশীজনদের সঙ্গে বৈঠকে বিআরটিএ

রোববার সন্ধ্যায় বনানীতে বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 01:18 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস-ট্রাকের ভাড়া কত বাড়বে, সেই সিদ্ধান্তের আগে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা— বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বনানীতে বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণে সভা চলছে।"

শনিবার রাতে চার ধরনের তেলের দাম প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ; যা মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। 

সরকারের নতুন দর অনুযায়ী, লিটারে ১৫ টাকা বাড়িয়ে ডিজেলের দাম ধরা হয়েছে ১১৫ টাকা। অকটেনে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৪০, পেট্রোলে লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ এবং কেরোসিনে লিটারপ্রতি ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিজেলের দাম বাড়ানোর পর বাসভাড়া বাড়াতে এদিন সন্ধ্যায় বৈঠক শুরু হয়। এতে মালিক সমিতির পক্ষ থেকে নতুন ভাড়া হার প্রস্তাব করা হবে। তারপর সেটি বিশ্লেষণ করে নির্ধারণ হবে নতুন ভাড়া।

বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। 

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারাও বৈঠকে যোগ দেন।

বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া প্রতিকিলোমিটার ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে তা ২ টাকা ৪৫ পয়সা।