বাড্ডায় বিস্ফোরণ: গেইট খুলে গায়ে পড়লে মারা যান সোলায়মান
বিস্ফোরণে দগ্ধ ফাতেমা আক্তার শান্তা নামে এক নারী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ঢাকার বাড্ডার একটি বাসায় বিস্ফোরণে যে ব্যক্তি মারা গেছেন তার বাড়ি ময়মনসিংহে বলে পুলিশ জানিয়েছে।
বাড্ডা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ অফিসার মনিরুল ইসলাম জানান, বিস্ফোরণে বাড়ির গেইটটি খুলে গায়ে পড়লে তিনি মারা যান।
৩৬ বছর বয়সী মো. সোলায়মান ‘বাড্ডা কাবাব রেস্তোরাঁ’ নামে একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা এলাকার পলাশতলী গ্রামে।
ওই ঘটনায় ফাতেমা আক্তার শান্তা (৩২) নামে এক পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
মনিরুল ইসলাম জানান, যে বাসায় বিস্ফোরণ হয়েছে, শান্তা ওই বাসার ভাড়াটিয়া। তার স্বামী নাসির হাওলাদার মাছ ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।
বৃহস্পতিবার সকালে পৌনে ৭টার দিকে ডিআইটি রোডের একটি তিনতলা ভবনের নিচতলার বাসায় বিস্ফোরণ হয়। এতে বাসার দরজা-জানালার কাচ ও আসবাবপত্র ভেঙেচুরে যায়। তিতাসের গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাতে বাড্ডা থানার ওসি ইয়াসিন গাজী জানান, ঘটনাস্থলের সামনে রাস্তা সংস্কারের কাজ চলছে। রাস্তার বা বাসার তিতাস গ্যাসের লাইন লিকেজ হয়ে টয়লেটে গ্যাস জমা হয়ে কোনো কারণে বিস্ফোরণ ঘটতে পারে।
তবে ঘটনার তদন্তের পরই বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে বলে বাড্ডা ফায়ার স্টেশনের কর্মকর্তা মনিরুল জানান।
পুরনো খবর-
