১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাউন্টার টেরোরিজমের অতিরিক্ত উপকমিশনার রাজীবুল বরখাস্ত

বিসিএস ২৭ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা এর আগে বিভাগীয় একটি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তার পদোন্নতি পিছিয়ে যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 11:30 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের অতিরিক্ত উপকমিশনার শেখ রাজীবুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়ে তাকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের রাজীবুলকে ‘জনস্বার্থে’ সরকারি কাজ থেকে বিরত রাখতে এমন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বিসিএস ২৭ ব্যাচের কর্মকর্তা রাজীবুল এর আগে বিভাগীয় একটি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তার পদোন্নতি পিছিয়ে যায়। এ কারণে তার অন্য ব্যাচমেটরা প্রায় সবাই এসপি পদে পদোন্নতি পেলেও তিনি এখনো অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় চাকরিরত।

প্রজ্ঞাপনে রাজীবুলকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে সরকারি চাকরি আইনের ৩৯ এর ১ ধারায় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ তা বলা হয়নি।

সরকারি চাকরি আইনের ৩৯ এর ১ ধারায় বলা হয়েছে, “কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা, তার দ্বারা তদন্ত কাজে প্রভাব বিস্তারের আশঙ্কা- ইত্যাদি বিবেচনা করে তাহাকে সাময়িক বরখাস্ত করতে পারবে।”

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

২০২৪ এর অগাস্টে সরকার পরিবর্তনের পর ডিএমপির জঙ্গিবাদ দমনের বিশেষায়িত ইউনিট সিটিটিসির সব কর্মকর্তাকে বদলি করা হয়। তখন সিআইডি থেকে সিটিটিসিতে বদলি করা হয় রাজীবকে।