Published : 11 May 2026, 12:58 AM
দেশের বেসরকারি খাতে লিঙ্গ সমতা নিশ্চিত করতে এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জেন্ডার চ্যাম্পিয়নস নেটওয়ার্ক (জিসিএন)’।
রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে ‘ট্রান্সফর্মিং ওয়ার্কপ্লেসেস: ড্রাইভিং ইকুইটি অ্যান্ড এমপাওয়ারিং অ্যাকশন’ শীর্ষক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নেটওয়ার্কের উদ্বোধন করা হয় বলে সাজেদা ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় নেটওয়ার্কটি গঠন করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
অনুষ্ঠানে ‘জেন্ডার অ্যাট ওয়ার্ক: এ স্টাডি অব সিলেক্টেড প্রাইভেট সেক্টর ফার্মস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এতে দেশের উৎপাদন, স্বাস্থ্য, অর্থনীতি, ওষুধ, আবাসন ও চামড়াশিল্পসহ বিভিন্ন খাতে লিঙ্গ সমতা চর্চার বর্তমান অবস্থা বিশ্লেষণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণার ফলাফলে কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্যের এক ‘স্পষ্ট’ চিত্র উঠে এসেছে। দেখা গেছে, এন্ট্রি-লেভেল বা প্রারম্ভিক পদে নারীদের অংশগ্রহণ ২২ শতাংশ হলেও মধ্যম ব্যবস্থাপনা পর্যায়ে তা কমে দাঁড়ায় মাত্র ৬ শতাংশে।
মজুরি বৈষম্যের ক্ষেত্রেও দেখা গেছে বড় ব্যবধান। একই কাজের ক্ষেত্রে একজন পুরুষ যেখানে ১০০ টাকা আয় করেন, সেখানে একজন নারী পান ৮৫ টাকা। নেতৃত্ব পর্যায়ে এই মজুরি ব্যবধান আরও ভয়াবহ, যা ৪০ শতাংশেরও বেশি বলে গবেষণার তথ্যে বলা হয়।
এছাড়া নারীরা কারিগরি ও নেতৃত্ব উন্নয়নমূলক প্রশিক্ষণে পিছিয়ে থাকার পাশাপাশি কর্মক্ষেত্রের বাইরেও গৃহস্থালি কাজের বড় চাপ সামলাচ্ছেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচনা সঞ্চালনা করেন সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ অ্যাডভাইজর ড. সাজেদা আমিন।
এতে আলোচক ছিলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার সিনিয়র অফিসার (ফিলানথ্রপিক পার্টনারশিপস) অনুপমা আনন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অধ্যাপক ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন, ইউনিলিভার বাংলাদেশের সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার নিহাদ কবির এবং সাজেদা ফাউন্ডেশনের সিইও ও জেন্ডার চ্যাম্পিয়নস নেটওয়ার্কের চেয়ারপারসন জাহেদা ফিজ্জা কবীর।