Published : 17 Oct 2025, 09:01 PM
অবরোধের হুঁশিয়ারিতে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন।
‘দ্রুততম সময়ের’ মধ্যে এ সভা আয়োজনের দাবি তুলেছে সংগঠনটি।
শুক্রবার সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মানবাধিকার কর্মী জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী এক বিবৃতিতে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন।
আগামী রোববার রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার এক চিঠিতে ‘অনিবার্য কারণে’ তা স্থগিতের কথা জানান কমিশনের সচিব মোহাম্মদ সাহাব উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এ সভা স্থগিতের আহ্বান জানিয়ে হরতাল-অবরোধের হুঁশিয়ারি দেয় পাহাড়ের বাঙালিদের সংগঠনগুলোর মোর্চা ‘সচেতন ছাত্র-জনতা’।
পরে সভা স্থগিতের খবরে কর্মসূচিও প্রত্যাহার করে নেয় সংগঠনটি।
সভা বাতিলের সিদ্ধান্তের পেছনে কমিশন ‘অনিবার্য কারণের’ কথা বললেও এর পেছনে ‘অবরোধের হুমকির’ বিষয়টি সামনে এনে ক্ষোভ জানিয়েছে পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন।
বিবৃতিতে সংগঠনটির দুই যুগ্ম আহ্বায়ক বলেন, “জুলাই অভ্যুত্থানের পর অন্তরবর্তীকালীন সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনসহ বিভিন্ন পক্ষের জোর দাবির প্রেক্ষিতে সরকার গত ১২ জানুয়ারি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে আহ্বায়ক করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি গঠন করে।”
অবরোধের হুঁশিয়ারির মধ্যে রাঙামাটিতে ভূমি কমিশনের সভা স্থগিত
গত ১৯ জুলাই এই কমিটির সভা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পার্বত্য চুক্তি বাস্তবায়নে ‘কার্যকরী পদক্ষেপ’ গ্রহণের উদ্যোগ নেয়া হবে বলে জানানো হয়েছিল।
কমিশন রোববার সভা আহ্বানের পর থেকেই একটি পক্ষ সেটি ‘ভণ্ডুল করতে এবং চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে নস্যাৎ করতে’ সক্রিয় ভূমিকা রাখছে বলে তারা দাবি করেন।
‘অনভিপ্রেত হুশিয়ারিতে’ সভা ডেকে স্থগিত করা হলে পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া ‘হুমকির মুখে’ পড়বে বলেও মনে করেন তারা।
পার্বত্য সমস্যার ‘রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের’ জন্য চুক্তি বাস্তবায়নে ‘দ্রুত কার্যকরী পদক্ষেপের’ আহ্বান জানানো হয়।