১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান

দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 07:20 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

রোববার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পিএসসির চেয়ারম্যানকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। 

এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা, পিএসসির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে পিএসসির সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।