১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসির 'প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনলাইন প্রতারণা', গ্রেপ্তার ৪

পরীক্ষা শুরুর আগের দিন একটি ফেইসবুক পেইজ থেকে তথ্য পেয়ে অভিযানে নামে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 07:17 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

চলমান এসএসসি পরীক্ষার 'প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনলাইন প্রতারণার' অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার সংবাদ সম্মেলনে এসে এ তথ্য দেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

গ্রেপ্তার চারজন হলেন— মো. সিফাত আহমেদ সজিব (২২), মো. সালমান (২২), মো. মেছবাউল আলম মাহিন (১৯) ও মো. মহিদুজ্জামান মুন্না (১৯)।

মুনশী শাহাবুদ্দীন বলেন, গত সোমবার পরীক্ষা শুরুর আগের দিন তারা ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ' নামে একটি ফেইসবুক পেইজ থেকে কিছু তথ্য সংগ্রহ করেন। এসব তথ্যের ভিত্তিতে সেদিন রাত ৮টা ২০ মিনিটে আশুলিয়ার জিরাবো এলাকার তাঁজপুর থেকে সিফাত আহমেদ সজিবকে গ্রেপ্তার করা হয়।

"তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বগুড়ার ধুনট থেকে সালমানকে গ্রেপ্তার করা হয়। একই দিন দিনাজপুরের নবাবগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয় মেছবাউল আলম মাহিনকেও।"

পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পরামানিক বাড়ি থেকে মো. মহিদুজ্জামান মুন্নাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মুনশী শাহাবুদ্দীন।

তিনি বলেন, "গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন  যাচাই করে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

"এ ঘটনায় ডিএমপি রমনা মডেল থানায় একটি মামলা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

শিক্ষামন্ত্রীর সমালোচনায় এনসিপি

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতারণার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রীর সমালোচনাও করেছে দলটি। 

এতে বলা হয়েছে, "পরীক্ষার হলে তদারকির জন্য শিক্ষক ও পরিদর্শকরাই যথেষ্ট। মাননীয় মন্ত্রীর কাজ পরীক্ষার হল ঘুরে ঘুরে রিলস বানানো নয়, বরং মন্ত্রণালয়ের প্রশাসনিক তদারকিই তার প্রধান দায়িত্ব।

“প্রশ্নপত্র ফাঁসের মত ঘটনা প্রমাণ করে এ ব্যাপারে মন্ত্রণালয়ের উদাসীনতা রয়েছে।”