Published : 05 Sep 2026, 05:01 PM
ভালো শিক্ষার্থী শুধু নয়, ভালো মানুষ হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরির্দশক (আইজিপি) প্রধান মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, “মেধা মানুষকে এগিয়ে দেয়, কিন্তু সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে। এজন্য শুধু ভালো শিক্ষার্থী হলে চলবে না, ভালো মানুষও হতে হবে।”
শনিবার পুলিশ সদস্যদের সন্তানদের মাঝে ‘পুলিশ মেধাবৃত্তি’ প্রদান অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার পরামর্শ দেন আইজিপি।
প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রযুক্তি তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে।”
দেশের নাগরিক হিসেবে দেশের আইন মেনে চলা এবং অন্যদের আইন মেনে চলতে উৎসাহিত করার পরামর্শ দেন আলী হোসেন ফকির।
মাদক ব্যবহারে সবচেয়ে বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, “সাময়িক কৌতূহল বা কোনো প্ররোচণা মাদকের ভয়াল থাবা যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে, সেজন্য সবসময় সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, মাদক একটি মরণফাঁদ।”
একই সঙ্গে মোবাইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি অন্যান্য নেশাজাত দ্রব্যের আসক্তির মতোই ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কাজী মো. তানান হোসেন, সৈয়দা সাবিহা মুশাররাত মুমু, মো. আদনান জাওয়াদ ও মুস্তাইনা মঞ্জুর মেধাবৃত্তি পাওয়া নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মেধাবৃত্তি প্রদানের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান এই শিক্ষার্থীরা।
রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ শিক্ষার্থীদের পড়ালেখায় বেশি করে মনোনিবেশ করার আহ্বান জানান।
মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমিন এবং পুলিশ পরিদর্শক শেখ ফারুকুজ্জামান।
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৮০১ জন, এইচএসসি পরীক্ষায় ২৭২ জন এবং ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৮৪৫ জন, এইচএসসি পরীক্ষায় ১৯৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে পুলিশ মেধাবৃত্তি পেয়েছে।
তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে ৩৬০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। অন্যান্যদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাধ্যমে মেধাবৃত্তি প্রদান করা হবে।