০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শাহজালাল-শাহ আমানতে সিগারেট, মোবাইল, বিদেশি মদ ও গয়না জব্দ

দুই দিনের অভিযানে প্রায় কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 11:59 AM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে দুই দিনের অভিযানে প্রায় কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা।  

এর মধ্যে দুই যাত্রীর ব্যাগে মিলেছে ৪৯৩ কার্টন সিগারেট; আর গ্রিন চ্যানেল দিয়ে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। 

এছাড়াও বিশেষ কৌশলে আনা স্মার্টফোনের চালানও ধরা পড়েছে অভিযানে। 

বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বলছে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে সিআইআইডির ধারাবাহিক গোয়েন্দা অভিযানে ‘বড় ধরনের সাফল্য এসেছে’।

এই দুই অভিযান পরিচালনা করা হয় সোম ও মঙ্গলবার। তাতে তিনটি ঘটনায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইল এলসিডি, ডিসপ্লেসহ মাদারবোর্ড এবং বিদেশি মদ আটক করা হয়েছে।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি বিমানবন্দরে সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের এক ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগে তল্লাশি চালায়।

সেখানে মো মানসুর আলম নামক যাত্রীর কাছ থেকে ২৩১ কার্টুন এবং মোহাম্মদ নওয়াজ শরিফ নামীয় যাত্রীর কাছ থেকে ২৫০ কার্র্টন, অর্থাৎ মোট ৪৮১ কার্র্টন বিদেশি সিগারেট আটক করা হয়।

এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা বলেছে কর আদায়কারী সংস্থাটি।

একই দিনে আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকক থেকে আসা ফ্লাইটে টিপু আল ইমরান নামের যাত্রীর ব্যাগে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩৬টি স্মার্টফোন আটক করা হয়। এর মধ্যে ১৯টি রেডমি টার্বো ৪ প্রো এবং ১৭টি অনার ২০০। মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।

একই ব্যাগ থেকে আরও ৫৫০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি, এবং ৯৫০ পিস মাদারবোর্ড উইথ ডিসপ্লে(বাটন মোবাইল) আটক করা হয়। এলসিডিগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডগুলোর মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা বলছে এনবিআর।

এছাড়া ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত একটি হাতব্যাগ থেকে মালিকবিহীন অবস্থায় ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

মঙ্গলবার বাহরাইন থেকে আসা গালফ এয়ারের ফ্লাইটের যাত্রী মো আল আমিন যখন গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন, তখন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিতে তার কাছ থেকে ১৮ লিটার রেড লেবেল বিদেশি মদ আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

অন্য দিকে সোমবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক আরেক অভিযানে দুবাই থেকে আসা এক ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন বিদেশি সিগারেট, কিছু ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। ওই পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

ফলে ঢাকা ও চট্টগ্রামের তিনটি ঘটনা মিলিয়ে পরপর দুদিন সিআইআইডির অভিযানে আটক পণ্যের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা। 

এনবিআর বলছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।