১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি যানবাহন চালকদের সতর্ক করে পুলিশের গণবিজ্ঞপ্তি

“প্রায়ই লক্ষ্য করা যায় সরকারি যানবাহনের চালকগণ ট্রাফিক আইন ভঙ্গ করছেন।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 09:42 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

সরকারি যানবাহনের কারণে সড়কে শৃঙ্খলা ফেরানোর জটিলতা বাড়ার কথা তুলে ধরে চালকদের সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ।

বুধবার এক গণবিজ্ঞপ্তি জারি করে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “প্রায়ই লক্ষ্য করা যায় সরকারি যানবাহনের চালকগণ ট্রাফিক আইন ভঙ্গ (সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল, যত্রতত্র পার্কিং ইত্যাদি) করছেন। 

“এতে করে খারাপ নজির সৃষ্টি হচ্ছে এবং অন্যান্য যানবাহনের চালকরা এ ধরনের ট্রাফিক আইন ভঙ্গ করতে উৎসাহ পাচ্ছেন। ফলে ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ বাড়ছে।"

এ ক্ষেত্রে আইন প্রয়োগ করতে গেলে সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করছেন বলেও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।

অনেক ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে সকল সরকারি যানবাহন চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়ে সেখানে বলা হয়েছে, "অন্যথায় ঢাকা মহানগর পুলিশ সড়ক পরিবহন আইন, ২০১৮ ভঙ্গকারী সরকারি যানবাহন/চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করবে।"

এ ব্যাপারে সকল সরকারি সংস্থার কর্মকর্তা ও যানবাহন চালকদের সহযোগিতা চেয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মো. সাজ্জাত আলী।