১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভূমি মন্ত্রণালয়ও সামলাবেন আলী ইমাম মজুমদার

হাসান আরিফের মৃত্যুর পর থেকে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে কেউ ছিলেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 06:11 PM

Updated : 10 Sep 2026, 12:30 PM

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৬ আগস্ট, ২৭ আগস্ট ও ১০ নভেম্বরের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আলী ইমাম মজুমদারকে এই ‘অতিরিক্ত দায়িত্ব’ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রবীণ আইনজীবী এ এফ হাসান আরিফ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও ছিল তার হাতে। 

২০ ডিসেম্বর হাসান আরিফের মৃত্যুর পর থেকে দুটি মন্ত্রণালয়ে উপদেষ্টা পদে কেউ ছিলেন না। এর মধ্যে এক মাসের মাথায় ভূমি উপদেষ্টার দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার। 

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়টি এখন রয়েছে প্রধান উপদেষ্টার হাতে।

উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই

উপদেষ্টার শপথ নিলেন আরও ৪ জন

গত ১২ আগস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আলী ইমাম মজুমদার। এর চার দিন পর খাদ্য উপদেষ্টা হিসেবে শপথ নেন সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব।

১৯৭৭ সালে প্রশাসন ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেওয়া আলী ইমাম মজুমদার পরিকল্পনা কমিশনের সদস্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বিভিন্ন প্রকল্পের পরামর্শক হিসেবেও তিনি কাজ করছেন।

কুমিল্লার সন্তান আলী ইমাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত পড়েছেন, এ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি আছে তার।