Published : 15 Dec 2025, 04:46 PM
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করে প্রায় একই রকম দেখতে নকল ওয়েবসাইট বানিয়ে সেখানে প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর নামে এক ভুয়া সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে।
একই সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করে এআই দিয়ে তৈরি একটি ফেইক ভিডিও ছড়ানো হচ্ছে যেখানে ব্যবসায়ী মুসা বিন শমসেরের মুখ দিয়ে কথিত এক বিনিয়োগ প্ল্যাটফর্ম চালুর খবর দেওয়া হচ্ছে।
বলা হচ্ছে, বাংলাদেশের সরকারের সঙ্গে মিলে মুসা বিন শমসের কোয়ান্টাম এআই নামের ওই ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম চালু করেছেন। সেখানে ৩০ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা আয় করা সম্ভব!
ওয়েবসাইটে ইংরেজি ভাষায় লেখা এক ভুয়া প্রতিবেদনে দেখানো হচ্ছে, তৌফিক ইমরোজ খালিদী কোয়ান্টাম এআই নামের কথিত ওই বিনিয়োগ প্ল্যাটফর্ম সম্পর্কে মুসা বিন শমসেরের সাক্ষাৎকার নিচ্ছেন। দুজনের ছবি পাশাপাশি রেখে এমন ধারণা দেওয়া হচ্ছে, যেন জুম কনফারেন্স কলে ওই সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, “দেখেই বোঝা যাচ্ছে এরা আর্থিক খাতের জালিয়াত চক্র। আমাদের লোগো ব্যবহার করে জালিয়াতি করছে। এমনকি আমাদের প্রধান সম্পাদকের নাম ও ছবিও তারা ব্যবহার করছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। ওই সাক্ষাৎকার পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট।”
ওই ভুয়া সাক্ষাৎকার আর ভিডিও সোমবার থেকে ফেইসবুকে স্পন্সর্ড পোস্ট হিসেবে ছড়ানো শুরু হয়। এ কাজে ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকটি আইডি।

ভিডিওর ওপরে ব্যবহার করা হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যেসব ভিডিও প্রকাশ করে, তাতে ওই লোগো এভাবে দেওয়া হয় না।
২০২১ সালে ১২ অক্টোবর মুসা বিন শমসেরকে ডিবি পুলিশের অফিসে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময়ের ভিডিও ব্যবহার করে তার মুখের ভাষা বদলে দিয়ে সেখানে কথিত বিনিয়োগ প্ল্যাটফর্মের প্রচারের কথা বসিয়ে দেওয়া হয়েছে।
আর যে ভুয়া সাক্ষাৎকার প্রচারের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইংরেজি সংস্করণের আদলে যে ওয়েবসাইট বানানো হয়েছে, সেখানেও আছে অসঙ্গতি। সবার উপরে বাঁ পাশে তারিখের জায়গায় লেখা হয়েছে December 15, 2025 February 25, 2025।
যেসব টিকার সেখানে চলছে, সেগুলো এ বছরের ২৫ ফেব্রুয়ারির। এ থেকে ধারণা করা যায়, ওয়েবসাইট জালিয়াতির কাজটি করা হয়েছে ২৫ ফেব্রুয়ারির ওয়েবসাইট থেকে চুরি করে।
স্ক্যামাররা bdnews24.com লোগো ব্যবহার করলেও ইউআরএলে দেখাচ্ছে https://quantex.ink/। গুগলে সার্চ করে ওই নামের ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে সেখানে প্রথম আলোর নামে একটি ভুয়া ওয়েবসাইট বানিয়ে আরেক ভুয়া বিনিয়োগ প্ল্যাটফর্মের প্রচার চালানো হচ্ছে।
ডোমেইন সংক্রান্ত তথ্যের ওয়েবসাইট ‘হু ডট ইজ’ বলছে, quantex.ink ডোমেইন নামটি এ বছর ৮ জুলাই নিবন্ধন করা হয়েছে, মেয়াদ আছে এক বছর। কোন কোম্পানির মাধ্যমে নিবন্ধন করা হয়েছে, সে তথ্য গোপন রাখা হয়েছে। ঠিকানা দেখানো হয়েছে আইসল্যান্ডের রেকিয়াভিক।
এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মত সাইট বানিয়ে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং অভিনেত্রী সাদিয়া আয়মান ছাড়াও সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে জড়িয়ে ভুয়া প্রতিবেদন ছড়ানো হয়। প্রত্যেকবার একেক ফেইসবুক পেইজ থেকে সেগুলো শেয়ার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, “আমাদের লোগো ব্যবহার বার বার এরকম জালিয়াতি করা হচ্ছে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।”