Published : 27 May 2026, 09:32 PM
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে বা সংলগ্ন রাস্তায় কোরবানির পশু বেচাকেনার জন্য কোনো স্থান ‘ইজারা’ না দেওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ নিয়ে তিন দিন আগের একটি ভিডিও ছড়িয়ে দিয়ে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করার কথা তুলে ধরে তিনি বলেন, বৃষ্টির কারণে কিছু ব্যবসায়ী সেখানে আশ্রয় নিয়েছিলেন। তাদের ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর ওই এলাকা পরিদর্শনের খবর দিয়ে এসব তথ্য দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বিকালে দিয়াবাড়ির অস্থায়ী পশুর হাট পরিদর্শনে গিয়েছেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই মেট্রোরেল স্টেশনের নিচে বা আশপাশের কোনো জায়গা হাটের জন্য ইজারা দেওয়া হয়নি।
“গত দুইদিন আগে হঠাৎ ভারি বৃষ্টির কারণে কিছু ব্যবসায়ী গরু নিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে ডিএনসিসি প্রশাসক নিজে এসে রাস্তা থেকে পশু সরিয়ে হাটের নির্ধারিত স্থানে নিয়ে গেছেন।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও প্রসঙ্গে শাহে আলম বলেন, “তিন দিন আগের একটি ভিডিও ভাইরাল করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আপনারা সরেজমিনে এসে দেখে যান, পশু কেনাবেচা হাটের ভেতরেই চলছে।”
হাটের সার্বক্ষণিক তদারকির জন্য সেখানে ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশনের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন- এমন তথ্য দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “মেট্রোর আশপাশে কোনো পশু কেনাবেচা চলবে না। আমরা সরিয়ে দিয়েছি এবং ভবিষ্যতেও এমন কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। বারবার বলেছি, নির্ধারিত সীমানার বাইরে হাট বসবে না।”
রাস্তায় পশু চলে আসায় সৃষ্ট ময়লা-আবর্জনা প্রসঙ্গে বুধবার সকাল থেকেই ওই এলাকার পরিচ্ছন্নতার কাজ শুরু হওয়ার কথাও বলেন তিনি।
পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “বৃষ্টির সময় কিছু ব্যবসায়ী গরু নিয়ে সেখানে অবস্থান নিলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে দিয়েছি। পরবর্তীতে আবার বসেছে জানতে পেরে, রাত দেড়টায় ঘটনাস্থলে এসে ব্যবস্থা নিয়েছি। আজ সকাল থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে।”