১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা হবে বিনা খরচে

কতদিনের জন্য এই সুবিধা চালু থাকবে তাও জানিয়েছে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 01:36 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

দেশের সব সরকারি হাসপাতালগুলোতে এখন থেকে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হবে।  

চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা চালু থাকবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গেল রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

তাতে বলা হয় “অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বর্ষা আসার সঙ্গে সঙ্গে দেশে ডেঙ্গুর প্রকোপ আবার বাড়তে শুরু করেছে। 

মশাবাহিত এই রোগটিতে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ১১০ জন; এর মধ্যে ৬১ দশমিক পাঁচ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক পাঁচ শতাংশ নারী। এই বছর ১৯ জনের মৃত্যু হয়েছে।