ভোগান্তি কমাবে ঢাকা জেলা প্রশাসনের অ্যাপ ‘হ্যালো ডিসি’
এর মাধ্যমে ডিসির কাছে দাবি, অভিযোগ, তথ্য ও মতামত জানানোর পাশাপাশি পরামর্শ দেওয়া যাবে।
সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘব এবং প্রশাসনের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসন চালু করতে যাচ্ছে ‘হ্যালো ডিসি’ নামে নতুন একটি অ্যাপ।
এ অ্যাপের মাধ্যমে জেলার যেকোনো নাগরিক সরাসরি জেলা প্রশাসকের কাছে তাদের দাবি, অভিযোগ, তথ্য ও মতামত জানানোর পাশাপাশি পরামর্শও দিতে পারবেন।
রোববার ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় নতুন অ্যাপের বিভিন্ন তথ্য তুলে ধরেন ডিসি ফরিদা খানম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এ অ্যাপ শিগগির চালু করা হবে।
মত বিনিময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ফরিদা খানম। জেলা প্রশাসক কার্যালয়ের যেকোন অনিয়ম নির্দ্বিধায় তুলে ধরতেও সাংবাদিকদের আহ্বান জানান তিনি।
নতুন অ্যাপের বিষয়ে তিনি বলেন, “‘হ্যালো ডিসি’ নামে যে প্ল্যাটফর্মটি চালু করতে যাচ্ছি, সেখানেও প্রান্তিক পর্যায়ের মানুষ সরাসরি তাদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। পরামর্শও দিতে পারবেন। আপনাদের প্রতিবেদন ও নাগরিকদের সরাসরি তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারব।”
মতবিনিময় সভায় নিম্ন আদালতে কর্মরত কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সদস্য এবং আদালতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলার ইউএনও উপস্থিত ছিলেন।
