১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অর্থ আত্মসাৎ’: বেসিকের বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঋণ জালিয়াতি করে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 11:32 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

‘ক্ষমতার অপব্যবহার করে’ ঋণের নামে ১২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার দুদকের উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

আসামিদের মধ্যে রয়েছেন— ব্যাংকের সাবেক পরিচালক জাহাঙ্গীর আকন্দ সেলিম, বিজয় ভট্টাচার্য, কাজী আখতার হোসেন, মো. আনোয়ারুল ইসলাম, নিলুফার আহমেদ, সাবেক এজিএম গোলাম ফারুক খান এবং বেলায়েত নেভিগেশন কোম্পানির মালিক গাজী বেলায়েত হোসেন মিঠু ও তার স্ত্রী নাহিদ আক্তার।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা যোগসাজশে ‘ক্ষমতার অপব্যবহার করে’ ব্যাংকের ১২ কোটি ২৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন। 

আওয়ামী লীগ সরকারের সময় ২০১০ সালে বেলায়েত নেভিগেশন নামে বেসিক ব্যাংকে একটি হিসাব খোলার পর কোনো পর্যাপ্ত জামানত না দিয়েই, কেবল চারটি প্রস্তাবিত কার্গো ভেসেল মর্টগেজ দেখিয়ে এই টাকা তুলে নেওয়া হয়।

জাতীয় পার্টির সাবকে সংসদ সদস্য আব্দুল হাই বাচ্চুকে ২০০৯ সালে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকে ব্যাংকটির ঢাকার গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখায় বড় অঙ্কের ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটতে থাকে।

ঋণে অনিয়মের পাশাপাশি ব্যাংকটিতে নিয়োগেও ব্যাপক অনিয়মের অভিযোগ সেসময় প্রকাশ পায়; ২০২২ সালে জাতীয় সংসদের সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটিও তাদের পর্যবেক্ষণে বিষয়টি তুলে ধরে।

সংবাদ মাধ্যমে এসব ঘটনা প্রকাশ হতে শুরু করলে ২০১৪ সালে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম ও উপ ব্যবস্থাপনা পরিচালক মোনায়েম খানকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বেসিক ব্যাংকের পরিচালনা পরির্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করে। পরে আব্দুল হাই বাচ্চু পদত্যাগ করেন বেসিক ব্যাংক থেকে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে একসময় ভালো অবস্থানে থাকা বেসিক ব্যাংকের ৪ হাজার কোটি টাকার অনিয়মের খবর সামনে এলে সমালোচনা শুরু হয়। আব্দুল হাই বাচ্চু চেয়ারম্যান থাকাকালে বেনামি ও ভুয়া ঋণ দিয়ে বিপুল এসব অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ ওঠে।

গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে দুদকের কর ফাঁকির মামলায় বাচ্চু ও তার স্ত্রী-পুত্রদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত।

জমি কেনায় ৮ কোটি ৫২ লাখ ৭৫ হাজার টাকার কর ফাঁকির অভিযোগে দুদক ২০২৩ সালের ৩ অক্টোবর এ মামলা করে। ২০২৪ সালের ৫ জুন তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেয়।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাচ্চু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২৪৮ কোটি টাকার ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ’ অর্জন এবং ৫৭ কোটি টাকা কানাডায় পাচারের অভিযোগ চারটি মামলা করার তথ্য জানায় দুদক।

আগের খবর:

কর ফাঁকিবেসিক ব্যাংকের বাচ্চু ও স্ত্রী-পুত্রদের গ্রেপ্তারের নির্দেশ

আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের বিরুদ্ধে চার মামলা হচ্ছে

বেসিকের বাচ্চুর পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ