০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

একাদশে ভর্তি: ১৫ সেপ্টেম্বর থেকে তিন ধাপে আবেদন গ্রহণের প্রস্তাব, ক্লাস নভেম্বরে

এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীরা পছন্দক্রম অনুযায়ী প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হবেন, বলেন অধ্যাপক আক্তারুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 09:11 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরুর প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডগুলো৷ 

এ প্রস্তাব অনুসারে, এবারও তিন ধাপে একাদশে ভর্তির আবেদন গ্রহণ করা হবে, ভর্তি প্রক্রিয়া শেষে নভেম্বরে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। 

শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরুর প্রস্তাব করে নীতিমালার খসড়া মন্ত্রণালয়ের পাঠিয়েছি।” 

তিনি বলেন, ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণের প্রস্তাব করা হয়েছে। ১০ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ১২ নভেম্বর ক্লাস শুরুর প্রস্তাব করেছেন।

অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, “এ তারিখ চূড়ান্ত নয়। মন্ত্রণালয় ক্লাস শুরুর তারিখ কিছুটা এগিয়ে আনতে চাচ্ছে। ভর্তির আবেদন গ্রহণ, ফল প্রকাশ, ভর্তি প্রক্রিয়া এবং ক্লাস শুরুর তারিখ মন্ত্রণালয় চূড়ান্ত করে অন্যান্য বছরের মতই ভর্তি নীতিমালা জারি করবে। নীতিমালা জারি হলে এই সূচি চূড়ান্ত বলা যাবে।”

এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। 

সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। ৬ লাখ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং আবেদনের পছন্দক্রম অনুযায়ী প্রতিষ্ঠানের আসনে এসএসসি ও সমমান পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তির জন্য নির্বাচিত হবেন।

একাদশ শ্রেণিতে দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে প্রায় ২৫ লাখ আসন আছে। কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশে এ ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে চলবে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি প্রক্রিয়া চলবে আলাদা। 

সে হিসাবে এবার সাড়ে ৭ লাখ আসন ফাঁকা থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।