শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার পথে মালদ্বীপের প্রেসিডেন্ট
সফরকালে তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন মুইজ্জু, বলা হয় দেশটির প্রেসিডেন্ট দপ্তরের বিজ্ঞপ্তিতে।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন বলে সোমবার দেশটির প্রেসিডেন্ট দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট মুইজ্জু ঢাকার উদ্দেশে রওনা হন।
মালদ্বীপের প্রেসিডেন্টের এ সফর হবে তিন দিনের। সফরকালে তিনি বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রেসিডেন্ট দপ্তরের তথ্য অনুযায়ী, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। সেই সরকারের শপথ হবে মঙ্গলবার।
এদিন সকালে শপথ নেবেন সংসদ সদস্যরা; বিকালে শপথ হবে মন্ত্রিসভার।
