১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিদেশে থাকা আনোয়ারুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকবার লন্ডনে দলটির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে তাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 10:20 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

বিদেশে থাকা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান দেশত্যাগের আবেদনে বলেন, আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে নির্বাচনি হলফনামায় সম্পদ অর্জনের তথ্য গোপন করা, টেন্ডার বাণিজ্য ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দেশের বর্তমান বাস্তবতায় আনোয়ারুজ্জামান দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।

গণআন্দোলনে ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকবার লন্ডনে দলটির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে আনোয়ারুজ্জামান চৌধুরীকে। এ নিয়ে সংবাদমাধ্যমে শিরোনামও হয়েছেন তিনি।