‘হয়রানি’: ডিএসসিসির লাইসেন্স সুপারভাইজার নূরউদ্দিনকে অব্যাহতি
শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
ট্রেড লাইসেন্স নবায়নে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একইসঙ্গে তার বিরুদ্ধে কেন প্রচলিত আইনে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
নূরউদ্দিন আহম্মেদ ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখার অঞ্চল-৪-এর দায়িত্বে ছিলেন।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ওই কর্মকর্তাকে অব্যাহতি এবং শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ—টাকা নিয়ে লাইসেন্স না করে দেওয়া।“
নগর সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ মতবিনিময় সভায় আসা অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্প চলাকালে নূরউদ্দিন ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা নেন। এরপর পার হলেও তিনি লাইসেন্স নবায়ন করেননি। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি টালবাহানা করে সময়ক্ষেপণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়ে, “ব্যবসায়ী নেতার অভিযোগ শোনামাত্রই ডিএসসিসির প্রশাসক তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রশাসকের নির্দেশক্রমে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।”
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, শোকজের লিখিত জবাব পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
