মেনন-ইনু-পলক নতুন মামলায় গ্রেপ্তার
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
জুলাই আন্দোলনের মধ্যে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মো. আরিফ হোসাইন গত ২৩ জুলাই আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তারপর আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করে দেন।
সকালে শুানানির জন্য আসামিদের আদালতে আনা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই রাজধানীর কদমতলী এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ আন্দোলনে অংশ নেন। ঘটনার দিন বিকাল ৪টায় আসামিদের ছোড়া গুলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান মাহাদী হাসান। এ ঘটনায় গত ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় মেনন, ইনু এবং পলককে আসামি করা হয়।
