Published : 06 May 2026, 01:48 PM
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনে জেলা প্রশাসকদের কার্যকর ভুমিকা দেখতে চান মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
রাজধানীন ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার জেলা প্রশাসকদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পরিবেশমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিকভাবে সরকারি ব্যবস্থাপনা, সাংবিধানিক স্ট্রাকচার, তাতে অন্যান্য দেশে একটা স্থানীয় সরকার থাকে শক্তিশালী। যেমন আমাদের দেশে ইউনিয়ন কাউন্সিল আছে, উপজেলা কাউন্সিল আছে, এখন আমাদের জেলা পরিষদও আছে। কিন্তু জেলা পরিষদ তো ওই ভাবে সক্রিয় বা শক্তশালী না। তো, আমরা মন্ত্রণালয় থেকে যে ব্যবস্থা নিতে চাই, যে কার্যক্রম হাতে নেই, যেটাই বাস্তবায়ন করতে চাই, আমাদের মূল চাবিকাঠি কিন্তু এখনো জেলা প্রশাসক।
"অতএব, আমি মনে করি যে ওনাদের সাথে একটা ইন্টারেকশন, যাতে করে আমরা যে কার্যক্রম হাতে নেই, সেটা গাছ লাগানো বলেন, সেটা বায়ুদূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন। যাই আমরা বলি, এগুলি কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া বাস্তবায়ন সম্ভব না। সেজন্য ওনাদের স্যাগুলো আমরা শুনছি। বাট, আমরাও বলছি যে ওনাদেরকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলো হাতে আছে, যেগুলো হাতে নেব, সেগুলোর জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে, পূর্ণ উদ্যমে যাতে করে এগুলো ঠিকমতো বাস্তবায়ন হয়।"
জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে মন্ত্রী বলেন, "আমাদের দেশের যে আইন-শৃঙ্খলার অবস্থা, রাজনৈতিক অবস্থা, এগুলি বলছি।”
কৃষি জমি দখল ও বন উড়াড় হওয়া ঠেকানো নিয়ে জেলা প্রশাসনকদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কী না জানতে চাইলে আব্দুল আউয়াল মিন্টু বলেন, “এ ধরনের কোনো বিষয়, এখানে আমরা কোনো নির্দেশনা দেই নাই। এখানে আমরা আমাদের কার্যক্রম যেন যথাযথভাবে বাস্তবায়ন করে, বাস্তবায়ন করার জন্য যে সহযোগিতা দরকার, আমাদের পরিবেশ অধিদপ্তর বলেন বা আমাদের বন অধিদপ্তর বলেন কার্যকর করার জন্য যে ভূমিকা দরকার, সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চেয়েছি।"