সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি: আরো একজন গ্রেপ্তার, মালামাল উদ্ধার
গ্রেপ্তারদের কাছে থাকা চারটি মিনি ট্রাকে চুরি যাওয়া নির্মাণসামগ্রীর মালামাল (স্ক্রাব) উদ্ধার করা হয়েছে; যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে রডসহ কিছু সরঞ্জাম চুরির ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, চুরির ঘটনায় বুধবার সকালে দুই জনকে গ্রেপ্তারের পর মধ্যরাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুম বিল্লাহ হাসপাতালটির চুতর্থ শ্রেণির কর্মচারী।
এর আগে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেছিলেন, বুধবার সকালে মো. মামুন এবং মামুনুর রশিদ নামে হাসপাতালটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। তাদের নিয়ে চুরির মালামাল উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ।
ডিএমপি বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে গ্রেপ্তারকৃতদের কাছে থাকা চারটি মিনি ট্রাকে চুরি যাওয়া নির্মাণসামগ্রীর মালামাল (স্ক্রাব) উদ্ধার করা হয়েছে; যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
পুলিশ তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২-এ ২০২৩ সালে একটি শেষ হওয়া প্রকল্পের অব্যবহৃত রডসহ কিছু সরঞ্জাম চুরি হয়। এসব সরঞ্জাম হুন্দাই কোম্পানির।
বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভির ভিডিও সংগ্রহ করে দেখতে পায়, একটি পিকআপে করে কিছু সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে।
এ ঘটনায় মঙ্গলবার শাহবাগ থানায় চুরির মামলা হয়। পুলিশ অভিযোগ পাওয়ার পর সিসিটিভির ভিডিও দেখে চুরির সঙ্গে যুক্ত কয়েকজনকে শনাক্ত করে।
পুরনো খবর
