১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মা নেমেছিলেন পানি কিনতে, চোখের পলকে শিশু নিয়ে উধাও রিকশাচালক

“আমি গিয়ে পানির বিলটা দিতে দিতে পেছনে ফিরে তাকিয়ে দেখি রিকশা আর বাচ্চা উধাও; কয়েক সেকেন্ডের ব্যাপার,” বলেন শিশুটির মা।

মা নেমেছিলেন পানি কিনতে, চোখের পলকে শিশু নিয়ে উধাও রিকশাচালক
সিসিটিভি ভিডিওতে ধরা পড়েছে ব্যাটারির রিকশাটি। এ রিকশার চালকই শিশুটিকে অপহরণ করেছে বলে তার পরিবার দাবি করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 09:29 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

রাজধানীর মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে তিন বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকের ওই ঘটনায় মামলার পর পুলিশ বলছে, শিশুটিকে উদ্ধারে তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছে।

ছেলেটির বাবা সুইজারল্যান্ড প্রবাসী। সপরিবারে তারা সুইজারল্যান্ডেই থাকতেন। তবে এক বছর আগে মা-ছেলে দেশে ফিরে সবুজবাগে থাকছেন।

ঘটনার বর্ণনায় মুগদা থানার ওসি শরিফুল ইসলাম বলেন,“বুধবার শিশুটির মা ডাক্তার দেখাতে মুগদা হাসপাতালে যান। দুপুর ১টার দিকে হাসপাতালের সামনে থেকে একটি অটোরিকশা ভাড়া করেন। বাচ্চাকে রিকশায় বসিয়ে রেখে পানি কিনতে দোকানে গেলে রিকশাচালক বাচ্চাকে নিয়ে চলে যায়।”

“আমরা শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি,” বলেন তিনি।

শিশুটির মা ফিজিওথেরাপিস্ট সুমাইয়া আক্তার মিলি বলেন, “আমি মুগদা হাসপাতালের নিচ থেকে ব্যাটারির রিকশায় উঠে গেইটের বাইরে পানি নিচ্ছিলাম। ও (ছেলে) রিকশার মধ্যে দাঁড়িয়ে খেলছিল। আমি নিতে চাচ্ছিলাম কিন্তু ও নামেনি। রিকশাওয়ালা ভাইটা আবার বলছিল ‘বাচ্চাটা নামতে চাচ্ছে না, থাক। আপনি বিলটা দিয়ে আসেন’।”

মিলি বলেন, “আমি গিয়ে পানির বিলটা দিতে দিতে পেছনে ফিরে তাকিয়ে দেখি রিকশা আর বাচ্চা উধাও। কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে দৌড়াইছি। সবাইকে জিজ্ঞেস করছি। কিন্তু একেবারে উধাও।”