১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সংসদে ‘কয়েক গুণ বেশি’ দামে কেনাকাটা: তদন্ত কমিটি গঠন

তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ ক্রয়ের কোনো বিল পরিশোধ করা হবে না, বলেছে সংসদ সচিবালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 07:50 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনাকাটায় বাজারদরের চেয়ে ‘কয়েক গুণ বেশি’ দাম নেওয়ার অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মঙ্গলবার এ কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজানকে। সদস্যরা হলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের তথ্য দিয়ে বলা হয়, “১৯ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ কয়েকটি অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ ও প্রচারের পর বিষয়টি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে ২১ এপ্রিল (মঙ্গলবার) স্পিকার এ কমিটি গঠন করেন।“

এর আগে রোববার সংসদ সচিবালয় আরেক বিজ্ঞপ্তিতে বলেছিল, অভিযোগ ওঠা কেনাকাটার বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে এবং তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ ক্রয়ের কোনো বিল পরিশোধ করা হবে না।

বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনাকাটায় বাজারদরের তুলনায় ‘কয়েক গুণ বেশি’ দাম নেওয়া হয়েছে। ৫৮ লাখ ৪৪ হাজার ১৩০ টাকার যে ক্যামেরা সেট কেনা হয়েছে, তার প্রকৃত বাজারমূল্য ২০ লাখ টাকার কম।

এতে বলা হয়, দরপত্রে এক ব্র্যান্ডের কথা থাকলেও কিছু ক্ষেত্রে অন্য ব্র্যান্ডের পণ্য সরবরাহ করা হয়েছে। ৩০ দিনের মধ্যে সরবরাহের কথা থাকলেও ১৯ দিনের মধ্যেই তা বুঝে নেওয়া হয়।

সংসদের ক্যামেরা কেনায় 'হরিলুট', তদন্তে নামছে সংসদ সচিবালয়