Published : 22 Jul 2026, 09:52 PM
আগামী বছরের প্রথম দিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই নির্বাচন ‘একেবারে নিরপেক্ষ’ হওয়ার প্রত্যাশা করে তিনি বলেছেন, “এখানে (নির্বাচনে) কেউ বিএনপি বলে বা জামায়াতে ইসলামী বলে কেউ সুবিধা পাবে না। নিরপেক্ষ নির্বাচন হবে।”
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বুধবার বিকালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনাসভায় কথা বলছিলেন মন্ত্রী।
নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের ভালোবাসা নিয়েই কিন্তু আপনাদেরকে নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার হবেন, নারী সদস্য হন, সবাইকে সেভাবেই নির্বাচন করতে হবে।”
মন্ত্রী বলেন, “একটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা তখনই সত্যিকার অর্থে শক্তিশালী হয়, যখন তার স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও ক্ষমতাবান হয়। তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্রের ভিত্তিকে আরও সুদৃঢ় করা সম্ভব।”
বর্তমানে দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে ওয়ার্ড ও সীমানা বিন্যাসের কাজে রয়েছে নির্বাচন কমিশন।
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে ধাপে ধাপে নির্বাচন শুরু করতে চায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। আইন সংশোধনের ফলে এবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. পয়গাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।