১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইনশৃঙ্খলা রক্ষায় বাড়ানো হয়েছে সেনা ক্যাম্প : আইএসপিআর

পুলিশকে সহযোগিতায় বর্তমানে ৫৩৭টি থানায় সেনা মোতায়ন রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 01:41 AM

Updated : 26 Aug 2026, 10:14 AM

জনসাধারণের সম্পদ ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনীর ক্যাম্প বাড়ানো হয়েছে।

পাশাপাশি পুলিশকে সহযোগিতায় বর্তমানে ৫৩৭টি থানায় সেনা মোতায়ন রয়েছে বলে রোববার রাতে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

ছাত্র-জনতার গণ আন্দোলনে সরকার পতনের পর দেশজুড়ে জ্বালাও-পোড়াওয়ের মধ্যে পুলিশবিহীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাঠে সেনাবাহিনী কাজ করছে।

আইএসপিআর বলছে, গত শনিবার গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের সেনা টহল দলের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, "রোববার নারায়ণগঞ্জ ইপিজেডে চাকুরি প্রত্যাশীদের বিক্ষোভকে আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণসহ চারজন জাপানি নাগরিককে উদ্ধার করে সেনাবাহিনী।"

থানায় থানায় সেনা মোতায়ন থাকার তথ্য তুলে ধরে বলা হয়েছে, থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

"ইতোমধ্যে উল্লেখযোগ্য হারে পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করছে, যা চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন ঘটনায় লুটপাটকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ জনগণ সেনাবাহিনীর কাছে জমা দিচ্ছে।"

বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা আগের তুলনায় কমার তথ্য তুলে ধরে আইএসপিআর বলেছে, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরাসরি কারাগারে পাঠানো হচ্ছে।

কয়েকটি জায়গায় অপহরণের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনে গুরুতর আহত ব্যক্তিদের সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে বিভ্রান্তি তৈরি করতে ‘সত্য মিথ্যার সংমিশ্রণে’ যেসব সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলো বন্ধ করতে সবাইকে অনুরোধও করেছে আইএসপিআর।