১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাহজালালে মুম্বাইফেরত পাঁচ যাত্রীর ব্যাগে মিলল ২৪ লিটার মদ

দুইদিন আগে একই রুটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আসা সাত যাত্রীর কাছ থেকে সাড়ে ৩৮ লিটার মদ জব্দ করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 09:57 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

ভারতের মুম্বাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২৪ লিটার মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শুক্রবার সকালে এই মদ জব্দের তথ্য দিয়েছে সিআইআইডি । 

এর দুইদিন আগে এয়ার ইন্ডিয়ার একই ফ্লাইটে মুম্বাই থেকে আসা সাত যাত্রীর কাছ থেকে সাড়ে ৩৮ লিটার মদ জব্দ করেছিল সিআইআইডি।

সিআইআইডি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে সি-শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে বিশেষ নজরদারি ও সতর্ক অবস্থান নেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি সকাল ১০টা ৫৬ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহভাজন পাঁচ যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে শুল্ক গোয়েন্দা দল।

এ সময় যাত্রীর মো. কাশেমের ব্যাগ থেকে ৬ লিটার, মো. মামুনের ব্যাগ থেকে ১২ লিটার, তপনের ব্যাগ থেকে ৩ লিটার, ফয়সাল মিয়ার ব্যাগ থেকে ২ লিটার এবং শামসুল আলম পলাশের ব্যাগ থেকে ১ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে সিআইআইডি। তাদের বিরুদ্ধে কাস্টমস বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তথ্য দিয়েছে সংস্থাটি। 

সিসিআইডি বলছে, জব্দ মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। একই রুট ও ফ্লাইটে বারবার বিদেশি মদ বহনের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা অনুসন্ধানে বিশেষ তদন্ত দল কাজ করছে। 

ভারত থেকে শাহজালালে আসা সাত যাত্রীর ব্যাগে মিলল ৩৮ লিটার মদ